
জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। তিনি বলেছেন, এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (১০ অক্টোবর) কক্সবাজারের হিলটপ সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জানান, কক্সবাজারে সাংবাদিকদের জন্য দ্রুত একটি তথ্যকমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়িত হলে স্থানীয় সাংবাদিকদের পেশাগত কার্যক্রম পরিচালনা ও তথ্যপ্রাপ্তিতে সহায়ক হবে।
মাহবুবা ফারজানা বলেন, জুলাই আন্দোলনে তরুণদের আত্মত্যাগের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ উন্নয়ন ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে।
তিনি আরও বলেন, সারাদেশে অপতথ্য ও মিথ্যা তথ্যের বিস্তার রোধে সাইবার আইনের সংশোধনীসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তথ্যপ্রযুক্তির অপব্যবহার ঠেকানো এবং সঠিক তথ্যের প্রবাহ নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য তুলে ধরার ওপরও গুরুত্ব দেন তিনি।
মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক শামসুল হক শারেক, ইকরাম চৌধুরী টিপু, আবু সিদ্দিক ওসমানী, মুরশেদুর রহমান খোকন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক এস এম জাফরসহ স্থানীয় সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।